জিলাপি আমাদের অনেকের কাছেই প্রিয় একটি মিষ্টি। এই জিলাপির মধ্যে জনপ্রিয় একটি ধরন হলো রেশমী জিলাপি।
রেশমী জিলাপি সাধারণ জিলাপির চেয়ে আকারে কিছুটা ছোট, চিকন ও অত্যন্ত মচমচে হয়ে থাকে। এই জিলাপির প্যাঁচগুলো অত্যন্ত নিখুঁত ও রেশমি সুতার মতো চিকন করে তারপর কড়াইয়ের তেলে বা ঘিয়ে ভাজা হয়। এর সূক্ষ্ম ও মসৃণ গড়নের কারণেই একে ‘রেশমী’ জিলাপি বলা হয়।
রেশমী জিলাপি তৈরি হয় সাধারণত ময়দা, মাষকলাই ডাল, পোলাওয়ের চালের গুঁড়া, চিনি এবং সুগন্ধির জন্য মাল্টা বা গোলাপজল দিয়ে। চালের গুঁড়া ব্যবহারের কারণে এটি অনেক বেশি মচমচে হয়।
বাংলাদেশে সাধারণত রেশমী জিলাপি পাওয়া যায় রমজান মাসে। ইফতারের নানা সামগ্রীর মধ্যে তখন এটিরও বেশ চাহিদা থাকে।
মানসম্পন্ন মিষ্টি ও বেকারিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিঠাই-এর পরিচালক আলমগীর হোসেন সৈকত বলেন, “বছরের অন্যান্য সময়েও অনেকের কাছে রেশমী জিলাপির চাহিদা থাকে। শুধু রমজান মাস ছাড়া অন্য সময়ে এ জিলাপি পাওয়া না গেলে তাদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাই মিঠাই রেশমী জিলাপি তৈরি করে থাকে সারা বছরই।”


